সংবাদ শিরোনাম

কুয়েটে আইকিএসি এর আয়োজনে পিপিআর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন   |   খুলনা

কুয়েটে আইকিএসি এর আয়োজনে পিপিআর  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, ব্যুরো প্রধান :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর-২০২৫) বিষয়ক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তার বক্তব্যে সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, “পিপিআর-২০২৫ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে অর্থ ও সময়ের অপচয় হওয়ার ঝুঁকি থাকে। রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পিপিআর-এর খুঁটিনাটি জানতে হবে।”

তিনি আরও বলেন, এই কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আইনগতভাবে আরও সুসংহত করবে।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের পরিচালক (উপ-সচিব) শাহ্ ইয়ামিন উল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম।

দিনব্যাপী কর্মশালার কারিগরি অধিবেশনগুলোতে নতুন প্রবর্তিত পিপিআর-২০২৫-এর বিভিন্ন ধারা ও এর প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।