সংবাদ শিরোনাম

সুন্দরবনে পর্যটক অপহরণ মামলায় প্রধানসহ আটক ৩

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন   |   খুলনা

সুন্দরবনে পর্যটক অপহরণ মামলায় প্রধানসহ আটক ৩

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩)সহ তিন বনদস্যুকে গ্রেফতার করেছে মোংলা কোস্ট গার্ড। বুধবার (৭ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন ধনখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গত ২ জানুয়ারি ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক সুন্দরবনের গোল কানন রিসোর্টে অবস্থান করছিলেন। ওই দিন বিকেলে রিসোর্ট মালিকসহ ছয়জন পর্যটক নৌভ্রমণে গেলে কানুরখাল এলাকায় দস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে। পরে দুই নারী পর্যটকসহ চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুই পর্যটক ও রিসোর্ট মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফিনান্সিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে জিম্মিদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ছয়জনকে আটক করা হয়।

পরে অভিযান চালিয়ে দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম এবং জিম্মি পর্যটকদের মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবরার হাসান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনের নিরাপত্তা ও দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।