গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের আবেগঘন বিদায়
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। টানা ৭২ বছর ১ দিন খতিবের দায়িত্ব পালন শেষে আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব শুক্রবার, ২ ডিসেম্বর, জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর মাত্র ১৩ বছর বয়সে তিনি গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন। সে সময় তিনি সোনাকান্দা দারুল হুদা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেখান থেকেই শুরু হয় নিষ্ঠা, ত্যাগ ও ঐতিহ্যে ভরা এক দীর্ঘ পথচলা, যা সাত দশকেরও বেশি সময় ধরে চলমান ছিল।
বর্তমানে ৮৭ বছর ২ মাস বয়সী আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব বয়সজনিত কারণে স্বেচ্ছায় খতিবের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। তবে মসজিদের সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না। তিনি জীবদ্দশায় নিয়মিত এই মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং আমৃত্যু রমজান মাসে এখানেই ইতেকাফ পালন করবেন বলে জানা গেছে।
মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তার ছেলে আব্দুল কাদিরকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাবা সাত দশকেরও বেশি সময় ধরে এই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। এই বিদায় আমাদের পরিবারের জন্য যেমন কঠিন, তেমনি মুসল্লিদের জন্যও আবেগের।
মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, “হুজুর ১৩ বছর বয়সে এখানে ইমামতি শুরু করেছিলেন। উনার দাদা, বাবা ও চাচাও এই মসজিদে ইমামতি করেছেন। টাকার বিনিময়ে নয়, বরং খিদমতের মানসিকতা নিয়েই তিনি দায়িত্ব পালন করেছেন। এমন ইমাম আজকের দিনে পাওয়া কঠিন।
মুসল্লিদের মতে, আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেবের নাম গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে— স্মৃতি, দোয়া ও ভালোবাসায়।