রাষ্ট্রীয় শোকের দিনে বিতর্কিত মন্তব্যে শিক্ষক
খুলনা ব্যুরো :
রাষ্ট্রীয় শোক চলাকালে খুলনার খালিশপুরে এক প্রধান শিক্ষকের মন্তব্য ও আচরণ ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন শিক্ষকদের স্কুলে ডেকে এনে রাষ্ট্রীয় শোকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সেখানে মিষ্টি বিতরণ করেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “খালেদা জিয়া কি রাষ্ট্রপতি? তার মৃত্যুতে আমার স্কুল কেন বন্ধ থাকবে?” এ মন্তব্য প্রকাশ্যে আসার পরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই একে রাষ্ট্রীয় শোকের প্রতি অবমাননাকর আচরণ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে সারাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোকের প্রথম দিনেই একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিভাবক ও সচেতন নাগরিকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক মতপ্রকাশ বা বিদ্রূপের স্থান নয়; বরং এখানেই সংযম ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত।
এ বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষাবিদ ও সচেতন মহল বলছে, রাষ্ট্রীয় শোক রাজনৈতিক মতভেদে নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে পালিত হয়। এ ধরনের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন বলে মনে করছেন তারা।