কুয়েটে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মরত নিরাপত্তা গার্ডদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষতা বজায় রাখার অন্যতম পূর্বশর্ত হলো একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সম্পদের নিরাপত্তা আপনাদের নিষ্ঠা ও সতর্কতার ওপর নির্ভরশীল।” তিনি আরও বলেন, “আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরাপত্তা গার্ডদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে।”
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে কারিগরি ও তাত্ত্বিক সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তাঁরা নিরাপত্তা গার্ডদের নৈতিক দায়িত্ব, শৃঙ্খলা রক্ষা, এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশগ্রহণ করেন।
আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কুয়েটের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুসংহত হবে।