অ্যাম্বুলেন্স–ট্রাক সংঘর্ষে একই পরিবারের নিহত ৩ আহত ২
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
যশোর থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার এলাকার সাকিবুর রহমান নিশান (২৩), তার বোন নীলা খাতুন (২৫) ও নীলার স্বামী মিজানুর রহমান (৩৫)। মিজানুর রহমান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত দম্পতির দুই সন্তান রয়েছে। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, বিষয়টি সম্পর্কে থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে পরিবার চাইলে পুলিশ আইনি সহায়তা দেবে।