সংবাদ শিরোনাম

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে ধাক্কা, চোটে ছিটকে গেলেন ওয়েসলি

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন   |   খেলাধুলা

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে ধাক্কা, চোটে ছিটকে গেলেন ওয়েসলি

ক্রীড়া প্রতিবেদক:

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে নামার প্রাক্কালে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন তরুণ রাইট ব্যাক ওয়েসলি। তার জায়গায় জরুরি ভিত্তিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নেমেছিলেন ওয়েসলি। তবে ম্যাচের শুরুতেই দুর্ভাগ্যের শিকার হন ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। খেলার ১৫ মিনিটের মাথায় বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়, নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। ফলে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই দল থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

ওয়েসলির শূন্যস্থান পূরণ করতে ব্রাজিল দলে ডাকা হয়েছে ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসনকে। ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে আলোচনায় রয়েছেন। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনবার মাঠে নামা এই ফুটবলারের প্রতি আগ্রহ দেখাচ্ছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদান নিয়ে জোর গুঞ্জন চলছে।

ওয়েসলির ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, “ওয়েসলি আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের সামর্থ্য ও অভিজ্ঞতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। গুরুত্বপূর্ণ এক সদস্যকে হারানোর আঘাত সামলে এখন মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেখানোর অপেক্ষায় সেলেসাওরা।

Advertisement
Advertisement
Advertisement