চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উদ্ধার ১টি পিস্তল ও গুলি

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উদ্ধার ১টি পিস্তল ও গুলি ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আম বাগান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সংগৃহীত গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অভিযানকালে উক্ত আম বাগানের ভেতর একটি সাদা রঙের শপিং ব্যাগে কালো স্কচটেপে পেঁচানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত উদ্ধার করা হয়। সেই সময় আশেপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।