নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান—রাজশাহীতে পিআইবি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে নির্বাচনকালে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর সভাপতি আব্দুল আওয়াল। প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।
সমাপনী দিনে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শ্লোগানে নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন দিক, নৈতিকতা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বশেষে সাংবাদিকদেরকে সার্টিফিকেট প্রদান করেন।