সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ফেস্টুনে আগুন ও ভাঙচুর

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ফেস্টুনে আগুন ও ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী ফেস্টুনে আগুন দিয়ে পুড়িয়ে ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বালিয়াডাঙ্গা ইউনিয়নের একাধিক স্থানে টাঙানো নির্বাচনী ফেস্টুনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে বেশ কয়েকটি ফেস্টুন সম্পূর্ণ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এমন কর্মকাণ্ড চালানো হয়েছে।
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলা ও ভাঙচুর গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।