দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ শুরু ২০ আগস্ট
ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট):
দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে প্রথমবারের মতো দেশব্যাপী ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালনা করতে যাচ্ছে সরকার। আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ শুমারি পরিচালিত হবে। নৌযান সম্পর্কিত নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য সংরক্ষণের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশব্যাপী তথ্য সংগ্রহ করবে।
শুমারির আওতায় দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এতে নৌযানের সংখ্যা ও ধরন, মালিকানা, নিবন্ধনসহ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত ও তথ্যনির্ভর ডাটাবেজ তৈরি করা হবে। এই ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা প্রণয়ন, নৌযান ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।
নৌযান শুমারি সম্পন্ন হলে দেশের নৌযান খাতের বর্তমান অবস্থা সম্পর্কে একটি নির্ভরযোগ্য ও পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর মাধ্যমে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করা, নৌ নিরাপত্তা জোরদার, নৌপথ ব্যবস্থাপনায় উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ব্যবহারের সুযোগ তৈরি হবে।
শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নৌযান মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ করা তথ্যসংগ্রহকারীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র নিরূপণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবভিত্তিক করার ক্ষেত্রে ‘নৌযান শুমারি ২০২৬’ একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।