রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেপ্তার ৪৮৫
অনলাইন ডেস্ক
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নগরীর
নিরাপত্তা জোরদারে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪৮৫ জনকে
গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে
জানানো হয়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র,
মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫০টি
মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি অপরাধ
বিভাগ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার
করা হয়েছে মিরপুর বিভাগে। এ বিভাগ থেকে ১২৫ জনকে আটক করা হয়।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল
ও গুলশান বিভাগে ৫৭ জন করে, উত্তরা বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ
বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিবির পৃথক
অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ৯ জন।
অভিযানে মাদক উদ্ধারের চিত্রও উঠে
এসেছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ২৯৫টি ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা
উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৮টি মোবাইল
ফোন, ১ লাখ ২৪ হাজার টাকা নগদ অর্থ এবং অপরাধে ব্যবহারের অভিযোগ থাকা বিভিন্ন
দেশীয় অস্ত্র। এর মধ্যে রয়েছে ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার ও একটি লোহার
পাত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক
রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।