জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির ৫০ সদস্যের প্রতিনিধি দল
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে
প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাদুঘরে যায়।
পরিদর্শনকালে এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার
বিভিন্ন ছবি, স্মারক, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। আন্দোলনে শহীদ ও আহতদের
আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের
ইতিহাস যথাযথভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির প্রতিনিধি
দলকে স্বাগত জানান। পরে তিনি নেতাকর্মীদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং
সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয়
সম্পর্কে তাদের অবহিত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মারক ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, গবেষণা এবং জনসাধারণের সামনে উপস্থাপনের লক্ষ্যেই গণভবনে এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।