স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের
অনলাইন ডেস্ক
দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয়ের
পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি
বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পরিকল্পনাগুলো
বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে
বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের
নেতৃত্বে সরকার দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে যাচ্ছে। এমন একটি সময়ে একটি মহল নানা
ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে
সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক
স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, দেশের
অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি যখনই ইতিবাচক দিকে এগোতে শুরু করে, তখনই
দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা
দেখা যায়।
তিনি আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের জন্য
উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতে
প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে শনিবার সকালে একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল
রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক
চিকিৎসক উপস্থিত ছিলেন।