সংবাদ শিরোনাম

নিজ জেলার মহানগরে আর পদায়ন নয়, নতুন নীতিমালায় এক মাসে বদলি ৪৩৩ পুলিশ সদস্য

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন   |   জাতীয়

নিজ জেলার মহানগরে আর পদায়ন নয়, নতুন নীতিমালায় এক মাসে বদলি ৪৩৩ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

পুলিশ বাহিনীতে পদায়ন ও বদলি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে পুলিশ সদরদপ্তর। নতুন নীতিমালার আওতায় নিজ জেলার মহানগর পুলিশ ইউনিটে কর্মরত সদস্যদের অন্যত্র বদলি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত এক মাসে দেশের বিভিন্ন মহানগর পুলিশ ইউনিট থেকে ৪৩৩ জন পুলিশ সদস্যকে নিজ জেলা ছাড়িয়ে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

বদলিকৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন কনস্টেবল পদমর্যাদার সদস্য। পাশাপাশি উপপরিদর্শক (এসআই), সার্জেন্ট, সশস্ত্র এসআই এবং ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) পদেও বদলি কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বদলির আগে অনেক সদস্যের পারিবারিক পরিস্থিতি ও সম্ভাব্য কর্মস্থল সম্পর্কে মতামতও নেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, বদলিকৃত ৪৩৩ সদস্যের মধ্যে ৩৮১ জন কনস্টেবল, ৪৩ জন এসআই (নিরস্ত্র), চারজন সার্জেন্ট, তিনজন এসআই (সশস্ত্র) এবং দুজন টিএসআই রয়েছেন।

শুধু নন-ক্যাডার সদস্যই নয়, এএসপি ও তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নীতি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিজ জেলার মহানগর পুলিশ ইউনিটে কর্মরত অর্ধশতাধিক কর্মকর্তার তালিকা তৈরি হয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরও অন্যত্র বদলি করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমপি থাকছে ব্যতিক্রম

নতুন নীতিমালায় একমাত্র ব্যতিক্রম রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি)। প্রায় ৩৫ হাজার সদস্য নিয়ে এটি দেশের সবচেয়ে বড় পুলিশ ইউনিট। কর্মকর্তাদের মতে, ডিএমপিতে নিজ জেলার সদস্যদের পদায়নের সুযোগ না থাকলে প্রয়োজনীয় জনবল ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হতে পারে। তাই কেবল ডিএমপির ক্ষেত্রেই এই ব্যতিক্রম বহাল রাখা হয়েছে।

কেন নিজ জেলায় পদায়ন নিরুৎসাহিত

পুলিশের একাধিক কর্মকর্তা মনে করেন, দীর্ঘদিন নিজ এলাকায় দায়িত্ব পালন করলে সামাজিক ও পারিবারিক সম্পর্কের কারণে দায়িত্ব পালনে নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। পরিচিত ব্যক্তি, স্থানীয় প্রভাবশালী কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার ফলে আইন প্রয়োগে অনাকাঙ্ক্ষিত প্রভাব পড়তে পারে। অতীতে এমন অভিযোগও এসেছে যে, কেউ কেউ স্থানীয়ভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পদায়ন নীতিমালা কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

নীতিমালায় যেসব নির্দেশনা

নতুন বিধান অনুযায়ী, কোনো পুলিশ সদস্য একই ইউনিটে দুই বছর দায়িত্ব পালনের পর প্রয়োজন অনুযায়ী অন্যত্র বদলি হতে পারবেন। রেঞ্জ ছাড়া অন্য কোনো ইউনিটে টানা পাঁচ বছরের বেশি কর্মরত থাকা যাবে না। আর রেঞ্জের আওতায় একই জেলায় সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ থাকবে।

প্রশাসনিক প্রয়োজনের কারণে দেওয়া বদলির আদেশ সাধারণভাবে বাতিল করা হবে না। এমন বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালন না করলে পুনরায় বদলির সুযোগও থাকবে না। তবে স্বামী-স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে আবেদন সাপেক্ষে একই বা পার্শ্ববর্তী এলাকায় পদায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

পার্বত্য জেলায় একবারই পদায়ন

নীতিমালায় আরও বলা হয়েছে, একজন পুলিশ সদস্যকে চাকরিজীবনে একবারের বেশি পার্বত্য জেলায় পদায়ন করা হবে না। তবে সংশ্লিষ্ট সদস্য আগ্রহ প্রকাশ করলে দ্বিতীয়বারও সেখানে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া পুলিশ সদরদপ্তরের কোনো ইউনিটে বদলির জন্য বর্তমান কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে।

প্রযুক্তিনির্ভর বদলি ও ছুটি ব্যবস্থাপনা

পুলিশ সদরদপ্তর বদলি ও ছুটি ব্যবস্থাপনাকেও প্রযুক্তিনির্ভর করেছে। এর ফলে ক্যাডার কর্মকর্তাদের শিক্ষা ছুটি ও বিদেশ গমনের আবেদন যাচাই এখন সর্বোচ্চ সাত দিনের মধ্যেই শেষ হচ্ছে। আগে যেখানে একই প্রক্রিয়ায় প্রায় তিন সপ্তাহ সময় লাগত, এখন বদলিসংক্রান্ত আবেদনও তিন দিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement