প্রথম সরকারি সফরে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান, বৃক্ষরোপণ ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত দিন
অনলাইন ডেক্স:
গৌরনদীতে পৌঁছে বৃক্ষরোপণের উদ্বোধন, ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়; বিকেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নির্ধারিত সভাস্থলে পৌঁছালে স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর
গুলশান এভিনিউয়ের সরকারি বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন
প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে বরিশালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সফরের শুরুতেই গৌরনদী উপজেলার
সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পাশাপাশি সফরসূচিতে নতুনভাবে যুক্ত হওয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে
মতবিনিময়েও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর
কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে
দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি বরিশালের ভৌগোলিক
নির্দেশক (জিআই) স্বীকৃত আমড়া ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। একই
কর্মসূচির আওতায় খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলদ, বনজ ও ফুলের গাছ লাগানো হবে।
দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী বরিশাল
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভায়
বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী,
বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের
নেতারা উপস্থিত থাকবেন।
বরিশাল
জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের
সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের
এটি প্রথম বরিশাল সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও
উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে জনভোগান্তি এড়াতে সব আয়োজন সীমিত ও সুশৃঙ্খলভাবে করা
হয়েছে। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে
শুভেচ্ছা জানাবেন।