সংবাদ শিরোনাম

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন   |   জাতীয়

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে শুধু রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর নির্ভর করলে চলবে না। এজন্য জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Advertisement
Advertisement
Advertisement