প্রকৃতি রক্ষায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের: পরিবেশমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশজুড়ে পরিবেশ সংরক্ষণকে
জনসম্পৃক্ত আন্দোলনে পরিণত করতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের
পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে প্রকৃতি রক্ষায় ব্যক্তি উদ্যোগকে আরও উৎসাহিত
করতে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অবদান রাখা মানুষদের সামনে আনার ওপর গুরুত্বারোপ
করেছেন পরিবেশমন্ত্রী।
শুক্রবার (১০ জুলাই) বাংলা একাডেমির
আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের যৌথ আয়োজনে
অনুষ্ঠিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’
প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিবেশ
সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক ও সম্মাননা তুলে দেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প বিষয় নয়, এটি
আমাদের সবার জাতীয় দায়িত্ব। আজ যাঁরা সম্মানিত হয়েছেন, তাঁরা দেখিয়ে দিয়েছেন একজন
মানুষের আন্তরিকতা ও ধারাবাহিক উদ্যোগও পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে
পারে। তাঁদের এই কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
তিনি জানান,
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার
বাস্তবায়নের অংশ হিসেবে ‘ন্যাশনাল
গ্রিন মিশন’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায়
আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২৫ কোটি
গাছের চারা রোপণ করা হবে। তাঁর ভাষায়, এই উদ্যোগ কেবল বৃক্ষরোপণ
কর্মসূচি নয়, বরং পরিবেশ সুরক্ষায় একটি বৃহৎ সামাজিক আন্দোলনে রূপ পাবে।
পদকপ্রাপ্তদের ‘সবুজ
ভবিষ্যতের নির্মাতা’ এবং ‘নীরব
পরিবেশযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, তাঁদের
নিষ্ঠা, দায়িত্ববোধ ও নিরলস প্রচেষ্টা সমাজে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যৎ
প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি
পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার
আহ্বান জানান।