শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান
ঢাকা, ১০ জুলাই:
আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ বিদ্যমান।
সরকার বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য সরাসরি বা ধারণকৃত আকারে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।
তথ্যবিবরণীতে সরকার আশা প্রকাশ করে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।