প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান, দিনভর উন্নয়ন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো
বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) ভোরের পর ঢাকার
গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয়েছে
কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে বরিশালের
বিভিন্ন স্থানে পরিবেশ সংরক্ষণ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং রাজনৈতিক
কর্মসূচিসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিনের শুরুতেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল
খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর জেলা সদরের ত্রিশ
গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং একই এলাকায় পৃথক দুটি স্থানে
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং দলের অঙ্গ
ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সভায় স্থানীয় রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং
উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
জানিয়েছেন, বরিশালের নির্ধারিত সব কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যার মধ্যেই ঢাকার
উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বরিশাল সফরকে কেন্দ্র করে জেলা
প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ
করেছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র:
বাসস