মহররমের দ্বিতীয় দশকে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei-এর জানাজা আগামী মহররম মাসের দ্বিতীয় দশকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরানের মেয়র Alireza Zakani। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠান মহররমের প্রথম ১০ দিনের শোকানুষ্ঠান শেষে অনুষ্ঠিত হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য সময়সীমা জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম দিক পর্যন্ত হতে পারে।
এর আগে ইরানি কর্তৃপক্ষ মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় জানাজার পরিকল্পনা করেছিল। তবে ধর্মীয় শোকপালন এবং আয়োজনসংক্রান্ত প্রস্তুতির বিষয় বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন প্রায় চার দশক ধরে ইরানের নেতৃত্বে থাকা খামেনি। তাঁর মৃত্যুর পরপরই জানাজার প্রস্তুতি নেওয়া হলেও আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তা কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই রাষ্ট্রীয় অনুষ্ঠান দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।