দেশের ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নেতৃত্ব, এক বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ
দেশের বিভিন্ন অঞ্চলের নগর ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে নতুন চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আবুল কালাম আজাদ।
এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান লোদী। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে মো. সামসুজ্জামান সামুকে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোতাহার হোসেন তালুকদার। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশুকুল ইসলাম রাজিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এসব নিয়োগ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য কার্যকর থাকবে। দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো চাকরি, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াতে হবে।
এ ছাড়া তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংশ্লিষ্ট চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।