সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র-খাদ্য সরবরাহকারী সবুর শেখ গ্রেফতার
খুলনা ব্যুরো :
সুন্দরবনের একটি জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়,১১ জুন বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সবুর শেখকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আক্তার আলী শেখের ছেলে।
অভিযানকালে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের কথা স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে বাগেরহাটের মোংলা থানায় পূর্বের দুটি মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।