খাদ্য নিরাপত্তা জোরদারে ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেবে সরকার

 প্রকাশ: ১২ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন   |   জাতীয়

খাদ্য নিরাপত্তা জোরদারে ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেবে সরকার

দেশের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে চাল সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। বছরের ছয় মাস এ সুবিধা অব্যাহত থাকবে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং খাদ্য সহায়তা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, দেশের খাদ্য মজুত ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করা সহজ হবে বলে সরকার আশা করছে।

প্রস্তাবিত বাজেটে খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement