খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে

 প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে

খুলনা ব্যুরো :

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১১ জুন বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলে দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর কক্ষের দিক থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে তা দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন, আবার অনেককে ফায়ার সার্ভিসের সহায়তায় সরিয়ে নেওয়া হয়।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় রোগীরা অবস্থান করছিলেন। উদ্ধার হওয়া কয়েকজন কর্মী জানান, নবম ও দশম তলাসহ ওপরের তলাগুলোতে থাকা আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদ ছিলেন। তবে ধোঁয়ার কারণে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানান, রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন সম্পূর্ণ নির্বাপণ ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চলতে থাকে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, আগুন বেজমেন্ট এলাকায় সীমাবদ্ধ ছিল এবং তা ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।

Advertisement
Advertisement
Advertisement