পাঁচ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৩,৭২০ কল, অধিকাংশ অভিযোগের সমাধান
ডেক্স নিউজ:
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে মোট ৩ হাজার ৭২০টি কল এসেছে। এসব কলের মাধ্যমে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা আইনি পরামর্শ, মামলার তথ্য এবং আদালত-সংশ্লিষ্ট নানা বিষয়ে সহায়তা গ্রহণ করেছেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ সময়ের মধ্যে ৩৭৬টি কলের মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার অগ্রগতি ও তথ্য জানতে ৭২৯টি কল আসে। কলদাতাদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংক্রান্ত অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবাপ্রাপ্তিতে বিলম্ব এবং অসদাচরণ বিষয়ে মোট ৬৮টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৫৭টি অভিযোগ ছিল আইনি সেবা পেতে বিলম্ব, নথি নিখোঁজ হওয়া এবং মামলার দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত। একটি নথি নিখোঁজের অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি কার্যক্রম এখনও চলমান থাকলেও বাকি অভিযোগগুলো সমাধান করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন অনিয়ম ও অসদাচরণ সম্পর্কিত আরও ১১টি অভিযোগের মধ্যে হাইকোর্ট বিভাগের একজন বিচারকের বিরুদ্ধে একটি, জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে সাতটি এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া যায়। জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে দায়ের করা সাতটি অভিযোগের মধ্যে চারটি প্রাথমিক পর্যায়েই নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
গণসংযোগ কর্মকর্তা আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৪৩২টি কল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।
এদিকে, হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা গ্রহণের উদ্দেশ্যে করা ২ হাজার ১১৫টি কলে কলদাতার কাছ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।
বিচারপ্রার্থীদের জন্য সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট প্রশাসন ‘হেল্পলাইন’ সেবা চালু করে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় চালু হওয়া এ সেবা সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়।
বর্তমানে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সুবিধা এবং ‘১০৩’ নম্বরে অনলাইন হেল্পলাইন সেবা চালু রয়েছে।
সূত্র:বাসস