খুলনায় শীর্ষ সন্ত্রসী ও চাঁদাবাজদের তালিকা তৈরী; অভিযানের অপেক্ষা

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় শীর্ষ সন্ত্রসী ও চাঁদাবাজদের তালিকা তৈরী; অভিযানের অপেক্ষা

খুলনা ব্যুরো :

দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের অংশ হিসেবে খুলনা জেলায় শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করেছে র‍্যাব-৬। প্রাথমিক তালিকায় ১৫ জন শীর্ষ চাঁদাবাজসহ মোট ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‍্যাব সূত্র জানায়, তালিকাভুক্তদের গ্রেপ্তারে শিগগিরই অভিযান শুরু হতে পারে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে।

এর আগে নগরে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় পুলিশও পৃথক তালিকা প্রস্তুত করেছিল। তবে সেই তালিকার ভিত্তিতে দৃশ্যমান কোনো অভিযান না হওয়ায় নতুন তালিকাও কার্যকর হবে কি না—এ নিয়ে সংশয়ে রয়েছেন নগরবাসী।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে খুলনায় সাম্প্রতিক সময়ে গুলির ঘটনা, মাদক কারবার ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত দেড় বছরে নগরীতে শতাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত মার্চে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরের আট থানায় ৪৭৫ জন অপরাধীর তালিকা তৈরি করে। এতে ২৮ জন চাঁদাবাজ, ৪৭ জন সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিক নেতা-কর্মী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়।

পুলিশের গোয়েন্দা ইউনিটের তথ্যমতে, মহানগরীর শতাধিক বস্তিতে প্রশিক্ষিত শুটার ও নারী মাদক বিক্রেতাদের সক্রিয় উপস্থিতি রয়েছে, যা অপরাধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে ঈদুল ফিতরের পর যৌথ অভিযান শুরুর ঘোষণা দেওয়া হলেও আলোচিত কোনো শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের নজির পাওয়া যায়নি। ফলে নতুন তালিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব বাবুল হাওলাদার বলেন, শুধু তালিকা তৈরি করলেই অপরাধ দমন সম্ভব নয়; কার্যকর অভিযানই এখন সময়ের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রাথমিকভাবে একটি ‘নিরপেক্ষ’ তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়; অপরাধে জড়িত প্রমাণ পাওয়া গেলে সবাইকে আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement