বাংলাদেশ–মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি তুললেন রুমিন ফারহানা, সংসদে উত্তপ্ত আলোচনা

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ–মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি তুললেন রুমিন ফারহানা, সংসদে উত্তপ্ত আলোচনা

ডেক্স নিউজ:

বাংলাদেশ–মার্কিন বাণিজ্য চুক্তিকে “স্বার্থবিরোধী” আখ্যা দিয়ে তা বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে বুধবার সকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

তিনি বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানি আমদানি, বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তার মতে, এসব আলোচনার ভিত্তিতে করা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

রুমিন ফারহানা আরও দাবি করেন, নির্বাচনের আগ মুহূর্তে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে তখনকার সময়ে নানা মহল আপত্তি তুললেও তা উপেক্ষা করা হয়। তিনি বলেন, নির্বাচিত সরকার আসার পর বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন ছিল।

তবে স্পিকার হাফিজ উদ্দন আহমদ তার বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে নোটিশ আকারে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “এটি সংসদের কার্যপ্রণালীর আওতাভুক্ত পয়েন্ট অব অর্ডার নয়।”

এরপর রুমিন ফারহানা সংক্ষিপ্ত সময় নিয়ে চুক্তি বাতিলের বিষয়টি সংসদে আলোচনার দাবি জানান। তবে স্পিকার পুনরায় তার আবেদন গ্রহণ না করে জানান, বিষয়টি নোটিশ আকারে উপস্থাপন করলে তা বিবেচনা করা হবে।

Advertisement
Advertisement
Advertisement