আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলায় ‘গুরুতর অপরাধ’ অভিযোগ: সংসদে ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন   |   জাতীয়

আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলায় ‘গুরুতর অপরাধ’ অভিযোগ: সংসদে ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের

ডেক্স নিউজ:

জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, তার ব্যক্তিগত পরিচয় (আইডেন্টিটি) নিয়ে প্রশ্ন তুলে গুরুতর অপরাধ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এতে উনি গুরুতর অপরাধ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও অভিযোগ করেন, ফজলুর রহমানের বক্তব্য তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে। “উনি আমাকে পার্সোনালি হার্ট করেছেন। আমি কোন দল করব, এটি আমার মানবিক অধিকার। রাষ্ট্র বা সংবিধান কাউকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দেয়নি,”—বলেন তিনি।

জামায়াত আমির তার রাজনৈতিক আদর্শ নির্বাচন নিয়ে মন্তব্য করাকেও ‘বাড়তি অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সংসদে দেওয়া ওই বক্তব্যের ‘অসংসদীয় অংশ’ কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এ ধরনের আচরণ আমি আশা করিনি।”

এদিকে, সংসদীয় আলোচনায় রাজনৈতিক দল, আদর্শ ও ব্যক্তিগত অবস্থান নিয়ে এ ধরনের তর্ক-বিতর্ক নতুন নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্য দেশের সংসদীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

তবে সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে ফজলুর রহমান-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement