ঝড়ের বিরতির পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   জাতীয়

ঝড়ের বিরতির পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক

ডেক্স নিউজ:

দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় নৌপথটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে ভোর থেকেই হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদীতে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ দফায় দফায় নৌযান চলাচল বন্ধ ও চালু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথমে সকাল ৬টায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হলেও ৩০ মিনিট পর তা আবার চালু করা হয়। পরে পরিস্থিতি আরও খারাপ হলে সকাল সাড়ে ৭টার দিকে নিরাপত্তাজনিত কারণে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, “ঝড়ো বাতাস ও নদীর উত্তাল অবস্থার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে দুই দফায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। বর্তমানে ১০টি ফেরি নিয়মিতভাবে নৌরুটে চলাচল করছে।”

আকস্মিক বন্ধের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রীদের ভিড় দেখা দেয়। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে যানবাহনের চাপ কমতে শুরু করেছে এবং ঘাট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

নৌপথে সতর্কতা:

নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা–যমুনা এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যেকোনো সময় ফের নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রী ও চালকদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement