দেশে ফের কমলো সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো ২ লাখ ৪২ হাজার টাকায়
ডেক্স নিউজ:
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
বাজুস বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করে এবং জানায়, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী সোনার দাম ২২ ক্যারেটের দাম ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেটের দাম ২,৩১,৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম১,৯৮,৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১,৬১,৬০৫ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দামে পরিবর্তনের কারণে দেশীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। এছাড়া, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমান বাজারদর অনুযায়ী—২২ ক্যারেট রুপা ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪,৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতি ৩,৩৮৩ টাকা (প্রতি ভরি)
আন্তর্জাতিক বাজারের প্রভাব
বাজুসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে স্থানীয় বাজারেও সোনার দামে পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সূত্রে সোনার দামের পরিবর্তন উল্লেখ করা হয়েছে, যা স্থানীয় বাজার সমন্বয়ের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।