নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে - মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা
রংপুর, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী ও শিশুরা মুক্ত পরিবেশে অবাধে চলাফেরা করতে পারবে।
উপদেষ্টা আজ রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর, নিরাপদ অ্যালায়েন্স ও টিন-এক্স বাংলাদেশের উদ্যোগে রংপুর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘প্রান্তিক প্রতিবন্ধী, নারী ও শিশুর সুরক্ষায় জনতার কাতারে সরকার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এই সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পাশাপাশি নতুন আইন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে দেশের কাঠামোগত পরিবর্তনে কাজ করছে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে একটি নিরাপদ, বৈষম্যহীন, উন্নত বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘নারী-শিশুর নিরাপত্তা ও নতুন সামাজিক চুক্তি’ নামে তারুণ্যের শপথ বাক্য পাঠ করানো হয়।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নজরুল ইসলাম।