পরিবেশ উপদেষ্টার সাথে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক : অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে আলোচনা
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বাংলাদেশ সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ফরাসি উন্নয়ন সংস্থা (AFD) সমর্থিত বিভিন্ন পরিবেশ ও পানি—সম্পর্কিত প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet বাংলাদেশে জলবায়ু কর্মসূচিতে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু বাস্তবায়নে বাজেট সহায়তাসহ বিভিন্ন খাতে ফ্রান্স বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান সরকারিভাবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ছাড়পত্র প্রয়োজন—এমন প্রকল্পগুলোর একটি স্পষ্ট তালিকা প্রদান ও সময়মতো কার্যক্রম সম্পন্ন করার ওপর জোর দেন। তিনি দ্রুত অনুমোদনের অপেক্ষায় থাকা নথিপত্র চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এসব উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেন।
উভয় পক্ষই প্রশাসনিক জটিলতা দূর করে জলবায়ু প্রশমন ও অভিযোজন অগ্রাধিকারগুলোকে ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর একমত হন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুগ্মসচিব লুবনা ইয়াসমিন এবং ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।