বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সেরা সম্মাননা পেলেন উর্মি গ্রুপের এমডি আসিফ আশরাফ
নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের পোশাক শিল্পে আধুনিকতা, নৈতিকতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির অনন্য সমন্বয় ঘটিয়ে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ অর্জন করেছেন ‘সিইও/এমডি অব দ্য ইয়ার (আরএমজি) ২০২৫’ সম্মাননা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, এআইইউবি ও ইউনাইটেড গ্রুপের যৌথ আয়োজন এবং টুয়েলভ ক্লোথিংয়ের সহযোগিতায় অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে এ পুরস্কার প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে দক্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তিগত রূপান্তর এবং টেকসই শিল্প চর্চার মাধ্যমে উর্মি গ্রুপকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন আসিফ আশরাফ। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ায়নি, বরং আন্তর্জাতিক বাজারে ‘বিশ্বাসযোগ্য, নৈতিক ও উচ্চমানের’ প্রস্তুতকারক হিসেবে নিজেদের অবস্থানও সুদৃঢ় করেছে।
উর্মি গ্রুপে তার চালু করা রূপান্তরমূলক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—অটোমেশন ও স্মার্ট প্রোডাকশন সিস্টেম, পরিবেশবান্ধব উৎপাদন মান, কর্মীদের জন্য উন্নত কল্যাণ ও প্রশিক্ষণ কাঠামো, নৈতিক সোর্সিং ও স্বচ্ছ সাপ্লাই চেইন, ভবিষ্যতমুখী ডিজাইন ও গবেষণা সক্ষমতা এসব উদ্যোগ পোশাকশিল্পে এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করেন শিল্প বিশ্লেষকরা।
আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব নিশ্চিত করা, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা এবং দায়িত্বশীল শিল্পপ্রবৃদ্ধির পথে অগ্রসরমাণ উর্মি গ্রুপ—সবকিছুর পেছনে রয়েছে তার দূরদর্শী নেতৃত্ব। এ স্বীকৃতি তার কর্মদক্ষতার পাশাপাশি দেশের আরএমজি খাতের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের পোশাকশিল্পে টেকসই প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর রূপান্তরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সম্মাননা ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।