সংবাদ শিরোনাম

ভবিষ্যতের বাংলাদেশ একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে -ধর্ম উপদেষ্টা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন   |   জাতীয়

চট্টগ্রাম, ৭ অগ্রহায়ণ (২২ নভেম্বর):

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য তরুণ ও যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজ পরিবর্তন করা যাবে। ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে।

আজ চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্বের সকল উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপাসনালয় রয়েছে। সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। 

নির্বাচন বিষয়ে উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এদেশকে দুর্নীতি, সুদ, ঘুষ ও চাঁদাবাজমুক্ত করতে হলে যাদের চরিত্র ইস্পাতের মতো শক্ত ও অটুট তাদেরকে নির্বাচিত করতে হবে। 

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসাটির প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আযহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুঃ মমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আল আজাদ, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ ও কোর্টহিল জামে মসজিদের খতিব শয়েখ নাসির উদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। 

পরে উপদেষ্টা ২০২৫ সালে আসসুন্নাহ মডেল মাদরাসার হিফয বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।