রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব
কক্সবাজার, ৩ অগ্রহায়ণ (১৮ নভেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
গতকাল কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশন (আরআরআরসি) এবং ব্র্যাকের সহায়তায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক সমস্যা। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। দীর্ঘ ৮ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভারে ভারাক্রান্ত এলাকার লোকজন। রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়-এটি ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।
তিন পর্বে আয়োজিত দিনব্যাপী এই কনফারেন্সে রোহিঙ্গা সংকট নিয়ে কি-নোট উপস্থাপন করেন মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ব্যুরো চিফ জুলহাস আলম।
সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং স্থানীয় নেতৃবৃন্দ।