সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ট্রাম্পের স্বাগত
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করায় তিনি খুবই খুশি।
ট্রাম্পের মতে, এই চুক্তি দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিরক্ষার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং নিজেদের আরও কার্যকরভাবে রক্ষা করার সক্ষমতা তৈরি করছে।
গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাসহ মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই প্রতিরক্ষা চুক্তি হলো।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য হলো দেশগুলোর সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা।
চুক্তিতে তিন দেশ নিজেদের যৌথ নিরাপত্তা আরও জোরদার করা এবং মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে।
এ ছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়েও তিন দেশ সম্মত হয়েছে।