২০২৮ নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাইমারি সূচিতে বড় বদল
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রাইমারি ভোটের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে আইওয়াকে সরিয়ে প্রথম মনোনয়ন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আবারও জায়গা করে নিয়েছে সাউথ ক্যারোলাইনা।
শনিবার টেক্সাসের অস্টিনে বৈঠকে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সদস্যরা নতুন সূচিতে অনুমোদন দেন। হোয়াইট হাউসে ফেরার লক্ষ্যে দলটি এই পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়াতে চাইছে।
নতুন সূচি অনুযায়ী, ২০২৮ সালের ২২ জানুয়ারি সাউথ ক্যারোলাইনায় হবে ডেমোক্র্যাটদের প্রথম আনুষ্ঠানিক প্রাইমারি। এরপর ১ ফেব্রুয়ারি নেভাডা, ৮ ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ার, ১৫ ফেব্রুয়ারি নিউ মেক্সিকো, ২২ ফেব্রুয়ারি মিশিগান এবং ২৯ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় ভোট হবে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাটিক পার্টি সাউথ ক্যারোলাইনাকে প্রাইমারি সূচির শুরুতে নিয়ে এসেছিল। নতুন সূচির মাধ্যমে সেই পরিবর্তনই এবার স্থায়ী রূপ পেল।
আইওয়া-নিউ হ্যাম্পশায়ারের আপত্তি
প্রাইমারি সূচি বদলের সিদ্ধান্ত অবশ্য নতুন বিতর্ক তৈরি করেছে। ২০২৪ সালে ডেমোক্র্যাটিক নেতৃত্বের সিদ্ধান্ত অমান্য করে নিউ হ্যাম্পশায়ার নিজেদের রাজ্য আইন অনুযায়ী সাউথ ক্যারোলাইনার আগে দলীয় প্রাইমারি আয়োজন করেছিল। রাজ্যটির আইনে দেশটির প্রথম প্রাইমারি আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্বের সূচনা করে আসা আইওয়াও নতুন সূচির বিরোধিতা করেছে। আইওয়া ডেমোক্র্যাটদের আশঙ্কা, তাদের ভোট নিচের দিকে নামিয়ে দেওয়ার ফলে গ্রামীণ ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে। জাতীয় রাজনীতিতে নিজেদের উপেক্ষিত মনে করা এসব ভোটারের একটি বড় অংশ রিপাবলিকানদের দিকে ঝোঁকে।
তবে নতুন সূচির সমর্থকদের যুক্তি, এর ফলে ডেমোক্র্যাটদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সামগ্রিক জনসংখ্যার বৈচিত্র্যের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।
সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। জনশুমারির হিসাব অনুযায়ী, রাজ্যটির প্রায় এক-চতুর্থাংশ মানুষ কৃষ্ণাঙ্গ। অন্যদিকে নেভাডা ও নিউ মেক্সিকোতে লাতিনো বা হিস্পানিক জনগোষ্ঠীর উপস্থিতিও বড়-যথাক্রমে ৩১ ও ৪৯ শতাংশ।
ডিএনসি চেয়ারম্যান কেন মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সূচির প্রশংসা করে বলেছেন, নির্বাচিত রাজ্যগুলো যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তাঁর মতে, এই পরিবর্তনের ফলে ২০২৮ সালে ডেমোক্র্যাটদের মনোনীত প্রার্থী হোয়াইট হাউস পুনর্দখলের জন্য আরও ভালো অবস্থানে থাকবেন।
প্রগতিশীল বনাম মধ্যপন্থীদের লড়াই
আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের ভোটারদের বড় অংশই শ্বেতাঙ্গ। দীর্ঘদিন ধরে সমালোচকেরা বলে আসছেন, দেশের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে এই দুই রাজ্যের প্রভাব তাদের জনসংখ্যার তুলনায় অনেক বেশি।
প্রাইমারির শুরুতেই কোনো প্রার্থী ভালো ফল করলে তাঁর প্রচারে গতি আসে এবং দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও বাড়ে। ফলে নতুন সূচিতে কোন রাজ্যগুলো আগে ভোট দেবে, তা ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএনসির চেয়ারম্যানের দায়িত্বে থাকা সাবেক ভারমন্ট গভর্নর হাওয়ার্ড ডিন এপিকে বলেন, নতুন সূচি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে আরও প্রতিনিধিত্বশীল করবে। তাঁর মতে, সাউথ ক্যারোলাইনা ও নেভাডার মতো রাজ্য যুক্তরাষ্ট্রের সামগ্রিক চিত্রের সঙ্গে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ।
তবে নতুন সূচি ডেমোক্র্যাটদের প্রগতিশীল ও মধ্যপন্থী শিবিরের চলমান বিরোধকে কীভাবে প্রভাবিত করবে, তা এখনো স্পষ্ট নয়।
সূচিতে গুরুত্ব পাওয়া মিশিগান ইতিমধ্যে প্রগতিশীল রাজনীতির দিকে ঝোঁকার ইঙ্গিত দিয়েছে। চলতি মাসের শুরুতে রাজ্যটির ডেমোক্র্যাটরা অল্প ব্যবধানে প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সাইয়েদকে সিনেটের দলীয় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। ফলে ২০২৮ সালের প্রাইমারিতে মিশিগানের আগাম ভোট প্রগতিশীলদের প্রভাব বাড়াতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।
তবে নতুন সূচিতে গুরুত্ব পাওয়া সব রাজ্য একই রাজনৈতিক অবস্থানের নয়। ২০২০ সালের ডেমোক্র্যাট প্রাইমারিতে সাউথ ক্যারোলাইনা তৎকালীন প্রার্থী জো বাইডেনকে সমর্থন করেছিল। সেখানে প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন পিছিয়ে ছিলেন।
সাউথ ক্যারোলাইনার সাবেক ডিএনসি সদস্য বয়েড ব্রাউন এপিকে বলেন, উত্তরের রাজ্যগুলোর প্রাইমারি ভোটারদের রাজনৈতিক প্রবণতা সম্ভবত সাউথ ক্যারোলাইনার ভোটারদের তুলনায় কিছুটা ভিন্ন।
২০২৮ সালের ডেমোক্র্যাট প্রাইমারির প্রাথমিক ছয় রাজ্যের সূচি হলো-সাউথ ক্যারোলাইনা ২২ জানুয়ারি, নেভাডা ১ ফেব্রুয়ারি, নিউ হ্যাম্পশায়ার ৮ ফেব্রুয়ারি, নিউ মেক্সিকো ১৫ ফেব্রুয়ারি, মিশিগান ২২ ফেব্রুয়ারি এবং ভার্জিনিয়া ২৯ ফেব্রুয়ারি।
সূত্র:আলজাজিরা