স্পেনের সেউতা যেতে চেয়ে মরক্কোয় শতাধিক আটক

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

স্পেনের সেউতা যেতে চেয়ে মরক্কোয় শতাধিক আটক

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় যাওয়ার চেষ্টার সময় শতাধিক অভিবাসীকে আটক করেছে মরক্কোর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নতুন বিভ্রান্তিকর প্রচারণার পর বিপুলসংখ্যক মানুষ সেউতার দিকে রওনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ সেউতার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের বেশির ভাগই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জনতাকে ঠেকাতে শত শত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় অন্তত ১১১ জনকে আটক করা হয়েছে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম লে৩৬০ শনিবার বিকেলে জানায়, আটক মানুষের সংখ্যা বেড়ে ২৯৪-এ পৌঁছেছে। তাদের মধ্যে ৪৬ জন মরক্কোর নাগরিক। বাকিরা সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানানো হয়েছে।

অভিবাসীরা উত্তর মরক্কোর উপকূলীয় শহর ফনিদেক হয়ে পাহাড়ি পথ ধরে সেউতার দিকে এগোচ্ছিলেন। নিরাপত্তা তল্লাশি এড়াতেই তারা পাহাড়ি পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন কয়েক সপ্তাহ আগেই বিপুলসংখ্যক মানুষ সেউতায় ঢোকার চেষ্টা করেছিলেন। ওই ঘটনায় প্রায় ৭২ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেন বলে হিসাব দেওয়া হয়েছে। অন্তত ৯৬ জন সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মারা যান।

মরক্কোর কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতেই সম্ভাব্য নতুন করে সেউতায় গণহারে প্রবেশের চেষ্টা ঠেকাতে কাজ করার কথা জানিয়েছিল। নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে এই উদ্যোগের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

মরক্কো সেউতাকে স্পেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় না। স্পেনের উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত এই স্বায়ত্তশাসিত শহরটি দীর্ঘদিন ধরেই ইউরোপে প্রবেশের প্রত্যাশী অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ একটি পথ

স্পেনের রক্ষণশীল পিপলস পার্টির আইনপ্রণেতা ও শিক্ষা বিভাগের উপসচিব হাইমে দে লস সান্তোস প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ৩০ জুলাই শুরু হওয়া এই সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।

সানচেজ বর্তমানে লানসারোতের লা মারেতা রাজকীয় বাসভবনে ছুটিতে রয়েছেন। এটি স্পেনের প্রধানমন্ত্রীরা অবকাশ কাটাতে প্রায়ই ব্যবহার করেন।

বৃহস্পতিবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানান, সেউতায় এখনো প্রায় ৫ হাজার অভিবাসী অবস্থান করছেন। নতুন করে প্রবেশের চেষ্টা ঘিরে মরক্কো ও স্পেনের নিরাপত্তা ব্যবস্থায়ও সতর্কতা বাড়ানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement