পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হবে -সুপ্রদীপ চাকমা

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন   |   জেলার খবর

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হবে    -সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হবে, যাতে তারা স্মার্ট হয়ে দেশের মূল স্রোতধারার সাথে মিশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারে। 

উপদেষ্টা আজ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জোর দিতে হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।


Advertisement
Advertisement
Advertisement