সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, বৃদ্ধা ও পরিবারের লোকজন কে প্রাণনাশের হুমকি

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, বৃদ্ধা ও পরিবারের লোকজন কে প্রাণনাশের হুমকি

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী মধ্যপাড়ায় এক বৃদ্ধার বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: জেলেখা বেগম (৬১) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলেখা বেগমের স্বামী মোঃ সাহাব উদ্দিন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তার পিতা জীবদ্দশায় তার বিয়ে দেন এবং একটি নির্দিষ্ট জমিতে বসতঘর নির্মাণ করে সেখানে বসবাসের ব্যবস্থা করেন। তবে জমিটি তার নামে দলিল করে দেওয়ার আগেই তার পিতা মারা যান।

ভুক্তভোগীর দাবি, উক্ত জমি তার নামে বি.আর.এস রেকর্ডভুক্ত এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। জমিতে তার ও তার ছেলেদের লাগানো বাঁশঝাড়, বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা এবং একটি পুকুর রয়েছে।

তিনি অভিযোগ করেন, একই এলাকার তার ভাই-ভাতিজারা সম্প্রতি তাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আব্দুর রউফ, মৃত নুরু ব্যাপারীর ছেলে মোঃ হারুন মিয়া, মোঃ মঞ্জু মিয়া, মোঃ মফিজল হক ও তার ছেলে মোঃ জুয়েল মিয়াসহ আরও কয়েকজন।

অভিযোগে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা লাঠি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন এবং প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে অভিযুক্তরা বাড়িতে অবস্থান করছেন বলে দাবি করেছেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে তিনি ও তার পরিবার বাড়িতে ফিরতে পারছেন না।

ভুক্তভোগী জানান, তার অভিযোগের স্বপক্ষে জমির বি.আর.এস রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সেলিম মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বসতভিটায় নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।