নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সূচিতে বদল, বাতিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে। নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে পূর্বনির্ধারিত তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের (টি-টোয়েন্টি) সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) সিরিজ অপরিবর্তিত থাকছে।
আগামী অক্টোবরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী এখন শুধুমাত্র তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির সময় জুন-জুলাই থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে নির্ধারণ করে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাকে সামনে রেখে নিজেদের আন্তর্জাতিক খেলার তালিকায় পরিবর্তন আনে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের পরিবর্তে অক্টোবরে নিউজিল্যান্ড নারী দলের সঙ্গে তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া। পরে আগামী মার্চে আবার একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ড নারী দল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সময়সূচির পর খেলোয়াড়, দল এবং দর্শকদের স্বার্থ বিবেচনায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তিনি সূচি পুনর্বিন্যাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতার প্রশংসা করেন।
এই পরিবর্তনের ফলে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া সফরে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলার সুযোগ হারালেও একদিনের আন্তর্জাতিক সিরিজে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।