১০১ রানে গুটিয়ে সেমিফাইনালেই থামল বাংলাদেশ এইচপি

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   খেলাধুলা

১০১ রানে গুটিয়ে সেমিফাইনালেই থামল বাংলাদেশ এইচপি ডারউইনে টপএন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি দলের ম্যাচের দৃশ্য। ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ক্রীড়া প্রতিবেদক:

ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও ব্যাটিং ব্যর্থতায় টপএন্ড টি-টোয়েন্টির শেষ চারে থেমে গেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের গার্ডেন ওভালে রোববার প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। ইনিংসের ২.৪ ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারায় দলটি। ওপেনার হাবিবুর রহমান সোহান ফেরেন মাত্র ৩ রান করে।

এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। জিসান ৩০ এবং আরিফুল ১৯ রান করলেও তাদের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে আর কোনো বড় জুটি গড়ে ওঠেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারেই মাত্র ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি

দলের হয়ে জিসান ও আরিফুল ছাড়া দুই অঙ্কে পৌঁছান আবদুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি। সাকলাইন ১৬ বলে ১০ এবং রনি ১৮ বলে ১২ রান করেন। অধিনায়ক ইরফান শুক্কুর, শামীম হোসেন পাটোয়ারী ও সাব্বির রহমান রুম্মান ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইরফান ফেরেন প্রথম বলেই।

ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড। তিনি ৪টি উইকেট নেন। আরও তিন বোলার পান দুটি করে উইকেট।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভিক্টোরিয়াভিক্টোরিয়া। মাত্র ১ রানে প্রথম উইকেট হারানোর পরও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক দলটি। নিয়মিত উইকেট হারালেও ছোট ছোট কার্যকর ইনিংসে লক্ষ্যের দিকে এগিয়ে যায় তারা।

তবে শেষদিকে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। দুই বল হাতে রেখেই ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল ৩টি এবং শামীম হোসেন পাটোয়ারী ২টি উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশ এইচপির পথচলা অবশ্য ছিল বেশ সফল। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে দলটি পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে সেমিফাইনালে ওঠে। একই সংখ্যক জয় ও পয়েন্ট ছিল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিরও; রান রেটে পিছিয়ে থাকায় তারা তৃতীয় স্থানে ছিল।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’ দলের। ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে ছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি

তবে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ এইচপির যাত্রা থেমে গেল সেমিফাইনালেই। ২০২৪ সালের রানার্সআপদের এবার শিরোপার মঞ্চে দেখা হলো না।