চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজারসংলগ্ন পদ্মা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদীতীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় ছিল। পদ্মা নদীর পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে কয়েকটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান তাঁরা।
বক্তারা আরো বলেন, নদীভাঙন অব্যাহত থাকলে আরও অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও দাবি জানান স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।