চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, তত্ত্বাবধায়কসহ আক্রান্ত ১৫ স্টাফ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, তত্ত্বাবধায়কসহ আক্রান্ত ১৫ স্টাফ ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ও চিকিৎসকসহ অন্তত ১৫ জন নার্স ও স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জনবল সংকটের মধ্যেই বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে হাসপাতালে মোট ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৯ জন পুরুষ, ৩২ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ৬ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ১ হাজার ৯২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি বহির্বিভাগে ১ হাজার ৫২০ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ বছর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন এবং উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত হয়েছেন ১৩২ জন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার ও সহকারী সার্জন মো. ফজর আলী লালসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক সংকট মোকাবিলায় জেলা হাসপাতালে তিন জন চিকিৎসককে সংযুক্তি পূর্বক পদায়ন করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, পৌরসভার ১৫টি ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজনন ধ্বংস করতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।