শিবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচে মাদক পাচার, ৫৯ বিজিবির অভিযানে ৫৩ বোতল সিরাপ জব্দ

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচে মাদক পাচার, ৫৯ বিজিবির অভিযানে ৫৩ বোতল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় মাদক পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রাম সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ সময় চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ফেন্সিডিলের বিকল্প ২৩ বোতল সিরাপ উদ্ধার করে। জব্দকৃত মাদক ও মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই নতুন নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।