বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১টি ভারতীয় গরু ও মদ জব্দ

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   রাজশাহী

বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১টি ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে  ৫৩ বিজিবি। শুক্রবার  ২ জানুয়ারি  সকালে  অভিযানে এসব মদ ও গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত পরিচালিত পাঁচটি পৃথক অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় মদ এবং ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

এর মধ্যে ফতেপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ, আর রঘুনাথপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ জব্দ করে।

এছাড়া মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি, মনাকষা বিওপি এলাকা থেকে একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি এবং বাখেরআলী বিওপির টহল দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দকৃত মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। জব্দ মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখছে।