সংবাদ শিরোনাম

সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম: চলতি বছরেই মিলবে পারমাণবিক বিদ্যুৎ

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়

সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম: চলতি বছরেই মিলবে পারমাণবিক বিদ্যুৎ ছবি- সংগৃহীত

অনলাইন ডেক্স:

বাংলাদেশ সেনাবাহিনীর নিশ্ছিদ্র বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে রাজধানী ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের নতুন চালান। তিনটি বিশেষ লরিতে করে ইউরেনিয়ামবাহী বহরটি শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সফলভাবে প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, নির্ধারিত আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করে ইউরেনিয়ামের জ্বালানি চালানটি প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাশিয়া থেকে ঢাকা, অতঃপর ঈশ্বরদী

প্রকল্প ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টায় প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানিবাহী রাশিয়ার একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে নিয়ম মেনে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

পরদিন শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমানবন্দর এলাকা থেকে সেনাবাহিনী, এসআরবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নজরদারিতে লরির বহরটি পাবনার উদ্দেশ্যে যাত্রা করে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

৬ দেশের আকাশসীমা পেরিয়ে ৯টি চালান

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই বিশেষ ইউরেনিয়ামবাহী বিমানগুলো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা অতিক্রম করে বাংলাদেশে পৌঁছাচ্ছে। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি বিশেষ চালানের মাধ্যমে রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় অবশইষ্ট পারমাণবিক ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে এসে পৌঁছাবে।

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর প্রকল্পের প্রকৌশলীরা আশা প্রকাশ করেছেন, সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা কার্যক্রম সময়মতো শেষ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা সম্ভব হবে।