ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিক পরীক্ষায় ৬ প্রার্থী আটক

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন   |   জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিক পরীক্ষায় ৬ প্রার্থী আটক

ঢাকা, ২৯ আগস্ট:

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি প্রার্থীর মাধ্যমে অংশ নেওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা দিতে এসে ছয় প্রার্থী আটক হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, অফিস সহায়ক পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।

মৌখিক পরীক্ষায় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাইয়ের সময় পরীক্ষকরা অসঙ্গতি দেখতে পান। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

আটক প্রার্থীরা হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

পরে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর রাতে ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।