হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনুপস্থিত ফার্মাসিস্ট বদলি
হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।হবিগঞ্জ, ২৯ আগস্ট:
হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। শনিবার হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে অপেক্ষমাণ সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
এ সময় কয়েকজন রোগী ও সেবাগ্রহীতা হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করার পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের ডিসপেনসারিতে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।